২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল ও অভিনেত্রী শায়না আমিন। খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন তিনি। এরপরই হুট করে উধাও হয়ে যান মিডিয়া থেকে। শোবিজাঙ্গন থেকে হারিয়ে গেলেও ভক্তদের হৃদয় থেকে হারাননি শায়না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন শায়না । ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে শায়না আমিনের বেশ কিছু ছবি। যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।
বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি। বরং অনেকেই ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন।

কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদের মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপ-গুণ দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি।
২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী।




