বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তিকারী ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নীতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের মুসল্লীরা। ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ ও শহরের সর্বস্তরের মুসল্লীদের আয়োজনে শহরের তেরাবাজার মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দীক আহমেদ, মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মো. হযরত আলী, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ইমাম মাহবুবুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তিকারী ভারতের পুরোহিত এবং সমর্থনকারী বিজেপি নেতা নীতেশ নারায়ণের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। সেইসাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।

ওইসময় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আহ্বায়ক প্রভাষক মো. শফিউল আলম চানসহ শহরের বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।




