শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি ফিরোজ মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ১৬ সেপ্টেম্বর সোমবার ভোরে শ্রীবরদী উপজেলার কলাকান্দা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ মিয়া শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের ফটো মিয়ার ছেলে।

র্যাব জানায়, গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার লোক আক্রমণ করে কারাগারের স্থাপনার ক্ষয়ক্ষতি সাধনপূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি অভিযানিক দল সোমবার ভোরে শ্রীবরদী উপজেলার কলাকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শেরপুর কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি ফিরোজ মিয়া (৩৫)কে গ্রেফতার করে।

র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত কয়েদী ঘটনার দিন অন্যান্য কয়েদীদের সাথে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় এবং শেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।




