খবর টি পড়েছেন : ৪৩২
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগের প্রথম পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই বুধবার বিকেলে শহরের বটতলা কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এর আগে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় মা, মাটি ও মানুষের কথা বলার দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রকাশিত শ্যামলবাংলা২৪ডটকম ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। উন্নয়ন-সম্ভাবনা ও সমস্যাসহ অনুসন্ধানমূলক নানা পরিচ্ছন্ন-সমৃদ্ধ ও ইতিবাচক প্রতিবেদন শ্যামলবাংলা২৪ডটকমকে অনলাইন মিডিয়া জগতের অনন্য স্থান করে নিয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি ও অবস্থাসম্পন্ন মহলের কোনোরকম পৃষ্ঠপোষকতা ছাড়াই শ্যামলবাংলা২৪ডটকমকে তার পরিবারই এগিয়ে নিয়ে যাচ্ছে। এটিও একটি কঠিন চ্যালেঞ্জ। এবার দেশের সার্বিক পরিস্থিতির কারণে বড় পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করতে পারিনি। তবে আগামী বছর শ্যামলবাংলার এক যুগ পূর্তি উৎসব বড় পরিসরে আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি ও ছড়াকার মোস্তাফিজুল হক, শ্যামলবাংলা২৪ডটকম’র প্রধান বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল, বার্তা সম্পাদক জুবাইদুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক হাফিজুর রহমান লাভলু, স্টাফ রিপোর্টার খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন আহমেদ, ভিডিও এডিটর-স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দে, নালিতাবাড়ী প্রতিনিধি অভিজিৎ সাহা প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, শ্যামলবাংলা২৪ডটকম মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নানা সমস্যা-সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি সরকারের উন্নয়ন ও ইতিবাচক চিত্রগুলো তুলে ধরে পাঠকনন্দিত হয়ে উঠেছে। শ্যামলবাংলা তার যাত্রার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে সত্যের পথে চলার গতি আরও ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।আলোচনা শেষে শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার অতিথিদের নিয়ে একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক প্রয়াত শাহ আলম বাবুল ও কলামলেখক তালাত মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
উল্লেখ্য, ‘মা মাটি ও মানুষের কথা বলে’ এ স্লোগানকে ধারণ করে ২০১৩ সালের ৩১ জুলাই দেশের প্রান্তিক জেলা শেরপুর থেকে যাত্রা শুরু করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম। যাত্রার ধারাবাহিকতায় ২০২১ সালে বৃহত্তর ময়মনসিংহে প্রথম অনলাইন নিউজপোর্টাল হিসেবে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করে শ্যামলবাংলা২৪ডটকম।




