শেরপুরের ঝিনাইগাতীর সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু লুটপাটের মহোৎসব চলছে। স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে জুনায়েদের নেতৃত্বে প্রায় ১০ /১৫ জন বালুদস্যু ওইসব বালু লুটপাটের সাথে জরিত।
বালুদস্যুরা সোমেশ্বরী নদীর তাওয়াকোচা, বালিজুরি, খাড়ামুড়াসহ বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছেন। ২ জুন রবিবার সকালে সরেজমিনে অনুসন্ধানের দেখা গেছে ৮/১০ টি ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। যা সম্পূর্ণ বেআইনি। এর প্রতিকার চেয়েছেন সচেতন মহল।
জানা যায়, অবাধে বালু উত্তোলন ও পরিবহনের কারনে নদীর দু’পাশের রাস্তাগুলো ক্ষতবিক্ষত হয়ে পরেছে। এতে করে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। দিন-রাত ওইসব মেশিনের সাহায্যে উত্তোলন করা হচ্ছে বালু ।
খাড়ামুড়া সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত বসানো হয়েছে ড্রেজার মেশিন। ওাইসব ড্রেজার মেশিনে বালু উত্তোলনের পর ট্রাক ও মাহিন্দ্র যোগে বিভিন্ন স্থানে বিক্রি হয়। প্রতিট্রাক বালু ১০ থেকে ১২ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে। ফলে প্রতিবছর সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব আয় থেকে। বর্তমানে প্রতিদিন লাখ লাখ টাকা মূল্যের বালু উত্তোলন করে অবাধে বিক্রি করা হলেও এসব দেখার যেন কেউ নেই! দ্রুত প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে নদী পাড়ের মানুষসহ ফসলি জমি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তিনি দেখবেন।




