৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল ২১ মে মঙ্গলবার শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২০ মে সোমবার দুপুরে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধিসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৩টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া নকলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




