শেরপুরে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ক্বারী মো. এরশাদ আলী (৬৫) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। ১৬ এপ্রিল মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ইমাম এরশাদ আলী। ওই ঘটনায় বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওড়া আমতলা জামে মসজিদের ইমাম ক্বারী মো. এরশাদ আলী কানাশাখোলা যাওয়ার জন্য ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে অটোরিকশা জন্য দাঁড়িয়েছিলেন।
এমন সময় শেরপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস দাঁড়িয়ে থাকা ক্বারী মো. এরশাদ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইমামের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চলছে। সেই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




