ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. মনিরুজ্জামান (৫০) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভরাডোবা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে নারায়ণগঞ্জ আদালতে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রোবাসযোগে ময়মনসিংহ ফিরছিলেন। পথে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে এসআই মনিরুজ্জামান ও গাড়ির চালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। চালক তুষারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরও বিস্তারিত বলা যাবে।




