স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা পরিষদের কমপ্লেক্সের দোতলায় অবস্থিত সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দূর্র্বত্তরা। ২৯ ডিসেম্বর রবিবার সকালে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে বেশ কিছু খসড়া ভোটার তালিকা, ৩ টি চেয়ার, একটি টাইপ রাইটারসহ নির্বাচন সংক্রান্ত কাগজপত্র পুড়ে গেছে। দোতলার ভাঙ্গা জানালা দিয়ে কে বা কারা ওই আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই নির্বাচন অফিসের জানালা দিয়ে ধোয়া বের হতে দেখে অফিসের তালা ভেঙ্গে সেখানে উপস্থিত পুলিশ ও অফিসের লোকজন আগুন নেভায়। ফায়ার সার্ভিস পৌছার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে। ঘটনার পর শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মো: মেহেদুল করিম, জেলা প্রশাসনের ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত অফিসে কাজ করে যাওয়ার পর খবর পেয়ে রবিবার সকালে সাড়ে ৮টার এসে দেখি পেছনের জানালা দিয়ে ধোয়া বের হচ্ছে। জানালা দিয়ে কেউ কিছু করে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, আগুন নিভিয়ে ফেলার পর আমরা এসেছি। তদন্ত করে দেখার পর বলা যাবে কি জন্যে আগুন লেগেছে।
এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুনের বিষয়টি তদন্ত করে দেখার জন্যে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন ফারজানা, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম ও শেরপুর উপজেলা নির্বাচন অফিসারকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।




