কেশবপুর (যশোর) প্রতিনিধি, বৃহস্পতিবার গভীর রাতে যশোর -৬ (কেশবপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইসমাত আরা সাদেকের উপজেলার ভাণ্ডারখোলা বাজারের নির্বাচনী অফিসটি বিএনপি জামায়াত সমার্থকরা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ শতাধিক চেয়ার ভাঙচুর করে। এ সময় তারা নির্বাচনী অফিসে থাকা ২৪ ইঞ্চি কালার সনি টিভি নিয়ে যায়।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোট একের পর এক হরতাল ও পাঁচদফা অবরোধ পালনের সময় কেশবপুরে কোন সহিংসতার ঘটনা না ঘটলেও এই প্রথম আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইসমাত আরা সাদেকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপি নেতা ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানের নেতৃত্বে ১৮ দলীয় জোট নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। বিএনপি নেতা ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের জানান, আওয়ামীলীগের অভ্যান্তরীণ কোন্দলের কারণে তাদের নির্বাচনী অফিসটি ভাঙচুরের ঘটনা ঘটিয়ে ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের ঘাড়ে এর দায় চাপানোর চেষ্টা চালানো হচ্ছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তাফা এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান।




