শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ আটক চীন ও তাইওয়ানের ৩৭ নাগরিকসহ ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা থানা পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। আদালত ৩৭ জন বিদেশিসহ ৪২ জনের ২ দিনের রিমান্ড এবং মোজাম্মেল হোসেন নামে একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উলেখ্য, রবিবার প্রায় এক কোটি টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ উত্তরা থেকে ৩৭ জন বিদেশিকে আটক করে র্যাব। তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রায় দেড় বছর আগে বাংলাদেশে এসেছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তারা একাধিকবার মেয়াদ বাড়িয়ে গার্মেন্টস ব্যবসার আড়ালে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিল। তাদের আটকের পর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এ টি এম হাবিবুর রহমান জানান, উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি ৬ তলা বাড়ির পুরোটাই ভাড়া নিয়ে তারা গার্মেন্ট ব্যবসার নাম করে অবৈধভাবে ভিওআইপির ব্যবসা চালাত। আটককৃতদের উত্তরা থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একসাথে অন্য দেশের এত নাগরিক এর আগে কখনও আটক হয়নি।




