শ্যামলবাংলা স্পোর্টস : এবার ক্লাব বিশ্বকাপও জিতল ইউরোপীয় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মরক্কোর রাজা কাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নেয় তারা। এ নিয়ে ২০১৩ সালে ৫ টি টুর্নামেন্ট জিতলো জার্মানির এই ক্লাবটি। এর আগে এ বছর চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ ও উয়েফা সুপার কাপ জিতে পেপ গার্দিওয়ার দল।
সেমি-ফাইনালে ব্রাজিল তারকা রোনালদিনহোর আতলেতিকো মিনেইরোকে হারিয়ে চমক দেখিয়েছিল স্বাগতিক ক্লাবটি। কিন্তু ফাইনালে বায়ার্নের জয় অনুমেয়ই ছিল। মরক্কোর মারাকাশে শনিবার রাতে প্রথমার্ধে ব্রাজিলের ডিফেন্ডার দান্তে ও মিডফিল্ডার তিয়াগো আলকানতারার গোলে জয় নিশ্চিত হয়ে যায় জার্মান চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে কাসাব্লাঙ্কা কয়েকটি আক্রমণ করলেও গোল পায়নি ফরোয়ার্ডরা। হালকা মেজাজে খেলে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ উচিয়ে ধরে বায়ার্ন ফুটবলারা। অবশ্য কোচ পেপ গার্দিওয়ার এটি তৃতীয় শিরোপা। এর আগে বার্সেলোনার হয়ে ২ বার ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন তিনি।

ক্লাব বিশ্বকাপ বিজয়ীরা :
২০০০: করিন্থিয়ান্স (ব্রাজিল); ২০০৫: সাও পাওলো (ব্রাজিল); ২০০৬: ইন্তারনাসিওনাল (ব্রাজিল); ২০০৭: এসি মিলান (ইতালি); ২০০৮: ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড); ২০০৯: বার্সেলোনা (স্পেন); ২০১০: ইন্টার মিলান (ইতালি); ২০১১: বার্সেলোনা (স্পেন); ২০১২ : করিন্থিয়ান্স (ব্রাজিল); ২০১৩ : বায়ার্ন মিউনিখ (জার্মানি)




