স্টাফ রিপোর্টার : বিরোধীদলের টানা অবরোধের কারণে কয়েক দফা পেছাতে হলেও জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পরীক্ষার ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২২ ডিসেম্বর রবিবার বিকেলে তিনি জানান, ফল প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বর মাসের মধ্যেই তা প্রকাশ করা হবে।
এবারের জেএসসি-জেডিসিতে ১৯ লাখ ২ হাজার ৭শ ৪৬ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১শ ৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান জানান, ৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মন্ত্রণালয় তারিখ চূড়ান্ত করবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানান, প্রাথমিক সমাপনীর ফলও ডিসেম্বরেই প্রকাশ করা হবে। তবে তিনি কোন তারিখ না বললেও গত বছরের মতো এবারও জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হতে পারে বলে ইংগিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।




