চাঁদপুরের হাজীগঞ্জসহ অন্যান্য উপজেলায় প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর ইসহাক (রহ.) ১৯২৮ সাল থেকে দুই ঈদ ও রোজা পালন করে আসছেন। তারই ধারবাহিকতায় শনিবার সকাল থেকে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করেছেন মরহুম পীরের অনুসারীরা। ৯ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা ঈদগাঁ মাঠে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আরিফ চৌধুরী। আবহাওয়া প্রতিকূল থাকায় নির্দিষ্ট সময়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লীরা। এরপর পশু কোরবানি দেন।

একই সময়ে জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা এএসএম সালামত উল্লাহ। ঈদের জামাত শেষে এবং পূর্বে শিশু-কিশোররা ময়দানে আসতে শুরু করে। তাদের পদচারণায় মুখোরিত হয়ে উঠে ঈদ আনন্দ।
সাদ্রা ছাড়াও আজ ঈদ উদযাপন হয়েছে হাজীগঞ্জের হুরুমচাইল, অলীপুর, বেলচোঁ, জাকনি, বাসারা, কাঁসারা, হোটনী, বেলচোঁ, মুন্সীরহাট, উচ্চঙ্গা, দক্ষিণ বলাখাল, প্রতাপপুর, রামচন্দ্রপুর, মেনাপুর, শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রামে।

সাদ্রা ঈদগাঁ মাঠের ঈদ জামাতের ইমাম মাওলানা মো. আরিফ চৌধুরী বলেন, সর্বপ্রথম সাদ্রা থেকেই ১৯২৮ সাল থেকে আমরা ঈদ উদযাপন করে আসছি। এখন শুধুমাত্র চাঁদপুরেই নয় বরং দেশের বিভিন্ন জেলায় এই সময়ে ঈদ উদযাপন হচ্ছে। আমার জানামতে ওইসব জেলা বহু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় ১৫ গ্রামের মানুষ ঈদুল আজহা পালন করেছে। সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে শনিবার (৯ জুলাই) সকাল ৮ টায় ঈদের নামাজ আদায় করেন তারা। ঈদের নামাজে মহিলারাও শরীক হন। নামাজ শেষে মুসুল্লিরা আল্লার নৈকট্য লাভের আশায় বাড়িতে গিয়ে পশু কোরবানি করেন।
ঈদের নামাজে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো: মোহাব্বত আলী। ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়_খালি, মিরগিডাঙ্গা, খুলনার পাইকগাছাসহ প্রায় ১৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।
মসুল্লিরা জানান, গত এক যুব ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ শনিবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন।









