তুমি পিতার দায়-শাসন, আদর-সোহাগ, ভরণ-পোষণ,
ব্যাকুল মায়ের অপত্য স্নেহের সরস পরশ-চুম্বন।

তুমি সুজলা-সুফলা শস্য-শ্যামলা প্রিয় স্বদেশ,
চোখের তারায় ঢেউ খেলে ছড়িয়ে প্রাণের আবেশ।
তুমি পদ্মা-মেঘনা গৌরি-যমুনা বহমান, সমুদ্র জয়ের নিশান
রক্ত দিয়েছে, রক্তে কিনেছে কতো বীর কীর্তিমান।

তুমি ৭ মার্চে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে তর্জনী হেলনে ঘোষণার ফসল,
২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির ফল।
তুমি ৫২ বসন্তেও এক উদ্দীপ্ত যৌবন উদ্বাহু সৈনিক,
রূপ-রস-গন্ধে জাগায় শিহরণ যেন ফাগুনের ঝিলিক।
তুমি মসজিদে আযান, মন্দিরে উলুধ্বনি,
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধন-বিশ্ব জানি।
তুমি মুক্তির মন্ত্রে চেতনার শ্লোগান, জয় বাংলার স্বীকৃতি,
খরাগ্রস্ত ভূমিতে বিচারের মুখোমুখি ঘাতক যুদ্ধাপরাধী।
তুমি উন্নত সমৃদ্ধ উচ্ছল স্বদেশভূমি,
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্টের পথে চুমি।
তুমি নদীর কলকাকলী পাখির গান সকাল-সন্ধ্যা বেলা,
নজরুলের ‘গাহি সাম্যের গান’ রবি ঠাকুরের ‘আমার সোনার বাংলা’।
তুমি ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.জুড়ে ১৭ কোটি মানুষের প্রিয়মুখ,
বিশ্বের অনন্য বিস্ময় আমাদের প্রিয় স্বাধীনতার সুখ।




