পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলাই নদীর উপর রাজা বাজার সংলগ্ন বেইলী ব্রিজটি অতিরিক্ত বালি বোঝাই একটি ট্রাকসহ ধসে পড়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে ওই দূর্ঘটনা ঘটে। এতে ওই সড়কের দুই দিক থেকে আসা শতশত যানবাহন আটকে গিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীসহ সাধারণ পথচারীদের পোহাতে হচ্ছে দূর্ভোগ।
জানা গেছে, সোমবার সকালে জারিয়া থেকে ময়মনসিংহ গামী অতিরিক্ত বালি বোঝাই একটি ট্রাক ঝুকিপুর্ণ ওই বেইলী ব্রীজটি পার হওয়ার সময় মাঝপথে ব্রিজটি ধসে পড়ে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় দুই দিকে বহু যানবাহন আটকে ঢাকাসহ সারাদেশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প পথে অতিরিক্ত রাস্তা ঘুরে জেলা সদর নেত্রকোনা ও ফুলপুর দিয়ে যানবাহন চলাচল করছে। এতে যাত্রীদের ভোগান্তিসহ খরচও বাড়ছে।
প্রায় একযুগ ধরে সওজ কর্তৃপক্ষ ব্রিজটিকে অসংখ্য তালিপট্টির মাধ্যমে কোন ভাবে নড়বড়ে অবস্থায় যানবাহন চলাচলের উপযোগী করে রাখার চেষ্ট চালাচ্ছে। সেতুর দুই দিকে ‘ঝুকিপূর্ন সেতু, ৫টনের অধিক মালামাল পরিবহন নিষেধ’ লিখা সাইনবোর্ড টানিয়ে কর্তৃপক্ষ দায় সারছে।
স্থানীয়রা জানান, কিছ দিন পর পর এই ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙ্গে যায়। আর একবার ভেঙ্গে গেলে মেরামতের জন্য সময় লাগে প্রায় ২/৩ মাস ।
্এ ব্যাপারে নেত্রকোনা সওজ নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, সেতুটি মেরামতের প্রক্রিয়া চলছে। ২/৩ দিনের মধ্যেই মেরামত হয়ে যাবে। তা ছাড়া সেতুটি নতুন করে নির্মানের জন্য ইতোমধ্যেই দরপত্র আহবান করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।




