সময়ের সঙ্গে বদলেছে শোবিজের দৃশ্যপট। প্রেক্ষাগৃহ কিংবা টেলিভিশনের পর নতুন মাত্রা যোগ করেছে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম। এবারের ঈদে তাই ওটিটিতে কী আসছে, তা নিয়েও ব্যাপক আগ্রহ দর্শকদের মাঝে। আর পরিচালকরাও ঈদকে ঘিরে ঝুঁকেছেন ওয়েব ফিল্ম বা সিরিজ নির্মাণে।

ইতোমধ্যে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম ঈদ আয়োজনের সিরিজ ও ওয়েব ফিল্মের প্রচারণা শুরু করেছে। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আসন্ন রোজার ঈদে স্ট্রিমিং হতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। এই সিরিজে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের অবয়বে দেখা মিলবে অভিনেতা মোশাররফ করিমের। সিরিজে নাম ভূমিকায় থাকা মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। জানা গেছে, স্রোতের বিপরীতে হাঁটা একজন মানুষের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘আইজ্যাক লিটন’ সিরিজটি। এছাড়াও আরো বেশ কিছু ওয়েব সিরিজ এবারের ঈদে বিঞ্জে প্রকাশের কথা রয়েছে। সম্প্রতি ‘জুজু আসছে’ নামে নতুন একটি সিরিজের ট্রেলারও প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। যেখানে দেখা মিলেছে অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার ও ইকবাল হোসেনের।
এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীনের নতুন সিরিজ ‘সিন্ডিকেট’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী ও রাশেদ মামুন অপুসহ অনেকে। ঈদে ওটিটি প্ল্যাটফর্মের আয়োজন প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘ঈদ আয়োজন এখন সিনেমা, টিভি নাটক কিংবা টেলিছবির মধ্যে সীমাবদ্ধ নেই। ওয়েব সিরিজ ও ওয়েব ছবির দর্শকসংখ্যা ক্রমেই বেড়ে চলছে। যে কারণে স্ট্রিমিং প্ল্যাটফর্মের আয়োজন নিয়েও তাদের আগ্রহ বাড়ছে। অন্যদিকে শিল্পী ও নির্মাতারা অনলাইন দুনিয়ার এই মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।’




