শেরপুরের শ্রীবরদী উপজেলায় অগ্নিকান্ডে একটি টিনের ঘরের ৩টি কক্ষ ও একটি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ২০ ফেব্রুয়ারি রবিবার গভীর রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর দিয়েলপাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে নুর আলমের বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ পঞ্চাশ হাজার টাকাসহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের নির্দেশনায় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন। ওইসময় নগদ ১০ হাজার টাকা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে ঘর নির্মাণের জন্য টিন প্রদানের আশ্বাসও দেন।
ওইসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার ওই পরিবারের খোঁজ নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নুর আলম বলেন, রবিবার রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুন দেখে পরিবারের সকলকে বাইরে বের করি। কিন্তু মুদি দোকানের মালামাল, নগদ টাকা, আসবাবপত্র, ২টি ছাগল, হাঁস-মুরগীসহ অন্যান্য জিনিসপত্র বের করতে পারি নাই। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের ভয়াবহতায় আমি নি:স্ব হয়ে গেলাম।




