বিশেষ প্রতিনিধি : নারী কেলেংকারীসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেফতার ও তার বিচার দাবি করে মানববন্ধন করেছে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকার জনসাধারণ।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা হক কোহিনুর, সুজনের সভাপতি মকবুল হোসেন ও ইউপি সদস্য হযরত আলী। তারা বক্তব্যে বলেন, অবিবাহিত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ইউনিয়ন পরিষদ ভবনে প্রতিনিয়তই বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমান পতিতা-যুবতীদের নিয়ে যৌনলীলায় লিপ্ত থাকেন। তার ওই বিষয়ে ভিডিও চিত্রেও প্রমান রয়েছে। তিনি অসামাজিক কার্যকলাপ করে পরিষদকে কলুষিত করেছেন। তার বিরুদ্ধে সরকারী মালামাল লোপাটের দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। এছাড়া তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের মেম্বারদের স্বাক্ষর জাল করে সরকারী অর্থ ও মালামাল লোপাটের অভিযোগ করে তারা আরও বলেন, তার ওইসব হীন কর্মকান্ডের বিষয়ে এলাকার ১শ ৬২ জনের গণস্বাক্ষরিত একটি অভিযোগ ১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করা হলেও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তিনি তা ধামাচাপার পায়তারা করছেন।




