নরসিংদী প্রতিনিধি : মনোহরদীর বারদিয়া গ্রামের সবুজের ইটভাটায় স্বামীর কোদালের আঘাতে স্ত্রী শাহিনা বেগম (৩০) খুন হয়েছে। পুলিশ ঘাতক স্বামী আবুল কালামকে গ্রেফতার করেছে। জানা গেছে, লালমনির হাট জেলার হাতিবান্দা উপজেলার নিহত শাহিনা এবং তার স্বামী আবুল কালাম নরসিংদীর মনোহরদী উপজেলার বারদিয়া গ্রামে জনৈক সবুজের ইটভাটায় শ্রমিকের কাজ করতো। গতকাল সোমবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত স্বামী স্ত্রীকে কোদাল দিয়ে সজোরে আঘাত করলে স্ত্রী মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে স্ত্রী শহিনা বেগম মারা যায়। এ ব্যাপারে শাহিনা বেগমের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল জানান।




