যশোর প্রতিনিধি : যশোরের রূপদিয়ায় রেললাইন আগুন ধরিয়ে অবরোধ করে রাখে বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীরা। ওই সময় সিঙ্গিয়া স্টেশনও অবরোধ করে রাখে তারা। আগুন ও অবরোধের কারণে সেখানে প্রায় ৩ ঘন্টা আটকা পড়েছিল ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে।
যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রূপদিয়া বাজারের পাশে একটি ক্রসিং পয়েন্টের কাছে রেললাইনে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই স্থানে অবরোধের কারণে সেখানে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
খুলনা থেকে ছেড়ে আসা এ ট্রেনটি ৯টা ৪০মিনিটে ওই স্থানে এসে পৌঁছায়। এর আগে সকাল ৮টা ১০মিনিটে সিঙ্গিয়ায় অবরোধে আটকা পড়ে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি কমিউটার ট্রেন। তবে ২০ মিনিট আটকে থাকার পর সেটি ছেড়ে এসে বেনাপোলের উদ্দেশে যাত্রা করে।
সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গিয়া স্টেশনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে রেখেছে অবরোধকারীরা।




