শ্যামলবাংলা ডেস্ক : ছবিতে নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য বেশ কসরত করেন চিত্রনায়ক সিয়াম। সেই ধারাবাহিকতায় এবার একটি ছবির জন্য ফুটবলার হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ছবির নাম ‘দামাল’। এ ছবির মূল গল্প তৈরি হয়েছে ফুটবল খেলাকে কেন্দ্র করে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন সিয়াম। ছবিতে ফুটবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটি বাস্তবসম্মত করা এবং নিপুণভাবে ফুটবলার হিসেবে তৈরি করার জন্য ছবির পরিচালক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন। শিগগিরই এ প্রশিক্ষণ শুরু হবে। জানা গেছে, ১৫ দিন এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমার অভিনীত প্রতিটি ছবিই আলাদা গল্পে তৈরি হচ্ছে। এছাড়া চরিত্রগুলোতেও রয়েছে বৈচিত্র্য।মুক্তিযুদ্ধের সময়ের একটি গল্প নিয়েই ছবিটি তৈরি হচ্ছে। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। আমি সেই দলের একজন সদস্য। বেশ উৎসাহ পাচ্ছি এতে অভিনয় করে। চরিত্রকে গ্রহণযোগ্য করার জন্য সবাই পরিশ্রম করছেন। টিম ওয়ার্ক চলছে। শিগগিরই প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ শেষে দ্বিতীয় লটে এসব দৃশ্যের শুটিং হবে। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।’ সম্প্রতি এ ছবির প্রথমভাগের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সিয়াম।




