স্টাফ রিপোর্টার : ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’- এ শ্লোগানকে সামনে রেখে বইপড়া আন্দোলন জোরদার করতে শেরপুরে এক মতবিনিময় সভা হয়েছে। এ উপলক্ষ্যে ২৩ নভেম্বর শনিবার সকালে ‘মানবসম্পদ উন্নয়নে বইপাঠের ভুমিকা’ শীর্ষক ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ছড়াকার নূর হোসেন তালুকদার।
শেরপুর জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। অনুষ্ঠানে সদর উপজেলার ইউনিয়ন লাইব্রেরীর সমন্বয়কারীগণ, বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সচিব এবং সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষার্থীদের নিকট পাঠকে আরও আনন্দময় ও বৈচিত্রপূর্ন করে উপস্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে তাদের বইপাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তিনি লাইব্রেরীকে মনের হাসপাতাল হিসেবে উল্লেখ করে বইপড়া আন্দোলনের মডেল জেলা হিসেবে শেরপুরের ইউনিয়ন লাইব্রেরীগুলো এবং বিভিন্ন স্কুল ও কলেজের লাইব্রেরীগুলোকে আরো সচল ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।




