ঢাকায় ৪৮ ঘণ্টায় ১৪৫ ছিনতাইকারী গ্রেফতার : ডিএমপির অতিরিক্ত কমিশনার
রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর হাতে পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ও গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো রাব্বি, লিটন ও কামরুল। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ৩ জুলাই সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড.খ: মহিদ উদ্দিন, বিপিএম-বার।

তিনি বলেন, কনস্টেবল মনিরুজ্জামান হত্যার ঘটনায় ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ প্রথমে রাব্বিকে (২১) গ্রেফতার করে। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্ত মাখা ছুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাব্বির তথ্যের ভিত্তিতে এ ঘটনায় অভিযুক্ত লিটন (২১) নামে অপর এক তরুণকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। একই ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ কামরুল নামে আরও একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তিনিও হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
অতিরিক্ত কমিশনার বলেন, ‘পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান ভোরে বাস থেকে নেমে ফার্মগেট এলে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এক ছিনতাইকারী তার মানিব্যাগ ছিনিয়ে নিতে চাইলে বাধা দেন। এ সময় পেছন থেকে একজন তাঁকে ছুরিকাঘাত করে। আরেকজন তাঁর বাহুতে ছুরিকাঘাত করে। এরপর মনিরুজ্জামানের মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা মোহাম্মদপুরের দিকে চলে যায়।’

নিহত মনিরুজ্জামানের বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কনস্টেবল মনিরুজ্জামান প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টের টাকা নিতেন না। তিনি খুব সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তাকে নিয়ে আমরা গর্ব করি যে- বাংলাদেশ পুলিশে এ ধরনের কনস্টেবল আছে। তার বয়স মাত্র ৪০ বছর, এই সময় তাকে আমরা হারিয়েছি।
তিনি বলেন, যেকোনো উৎসবকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ রাস্তাঘাট, মার্কেট, শপিংমল ও কোরবানির পশুর হাট কেন্দ্রিক নির্বিঘ্ন নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করে। তারপরও ‘অ্যাবসোলুট’ সিকিউরিটি বলতে কোনো কিছু নেই। যদি অ্যাবসোলুট সিকিউরিটি বলতে কিছু থাকতো, তাহলে হয়ত সারাবিশ্বে আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হতো না।
তিনি আরও বলেন, ঢাকার যেসব এলাকায় ঘটনাগুলো ঘটেছে, সেখানে দায়িত্বরত পুলিশের গাফিলতি ছিল কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। ডিসি ও ওসি জবাবদিহি করতে হচ্ছে। ঈদের আগে ১ হাজার ৭৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ৪৮ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ জনকে ধরা হয়েছে।
তিনি বলেন, আমাদের একটা জিনিস বুঝতে হবে, পার্সোনাল বিলংগিংস বা ব্যক্তিগত ছোট জিনিসপত্র ও নিজের শরীরের নিরাপত্তার দায়িত্ব প্রত্যেকের তার নিজেকেই নিতে হবে। রাষ্ট্রের অবশ্যই নিরাপত্তার দায়িত্ব আছে। কিন্তু কেউ যদি রাতের বেলায় মোবাইলে কথা বলে…। অনেকে গাড়ির মধ্যে বসে কথা বলে কিন্তু মোবাইলটি বাইরে রাখেন। এতে টান দিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।
এদিকে ঈদের দিন রাতে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে রাজধানীর হাতিরঝিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। ওই ঘটনায়ও জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার।
তিনি বলেন, ছিনতাকারীদের গ্রেপ্তারের পর আবার তারা জামিন নিয়ে বের হয়ে সমাজের মূল স্রোতধারায় মিশে যায়, পুলিশ হিসেবে এখানে আমাদের কিছু করার নেই। আবার সমাজ সম্পূর্ণ অপরাধমুক্ত হবে, এটা বাস্তবে কঠিন। ইংল্যান্ডের মতো দেশে ১ থেকে ২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার পর কী অবস্থা হয়েছিল, তা আমরা দেখেছি। ইউরোপের মতো দেশেও প্রচুর চুরি হচ্ছে। তাদের তো অন্ন-বস্ত্রের অভাব নেই। আবার মোবাইল ফোনের মতো জিনিসপত্রের নিরাপত্তায় প্রত্যেকের নিজের সজাগ থাকা দরকার।









