হুমায়ুন কবীর মৃধা, সিরাজগঞ্জ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতি এখন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাতীয় সংসদ নির্বাচন এখন সময়ের দাবি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করার জন্য জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কারও হঠকারি সিদ্ধান্তের জন্য দেশের নির্বাচন থেমে থাকবে না। তিনি ২২ নভেম্বর শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সদ্য গঠিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে প্রধান বিরোধী দল বিএনপিকে অন্তর্ভুক্ত করার জন্য শেষ মূহুর্ত পর্যন্ত প্রয়াস চালানো হবে। তবে জামায়াত সন্ত্রাসী ও হেফাজতিদের নিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা থেকে তাদেরকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জননিরাপত্তা বিঘœকারী যে কোন মহলকে কঠোর হাতে দমন করবে। বিএনপি যদি জামায়াতের সংশ্রব ত্যাগ করে গঠনতান্ত্রিক রাজনীতির পথে না আসে তবে তাদের অস্তিত্ব বিপন্ন হবার আশঙ্কা রয়েছে। জননেত্রী শেখ হাসিনা অনেক রক্তের বিনিময়ে অর্জিত গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যে পদক্ষেপ নিয়েছেন তাতে সহযোগিতা করার জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা পবিত্র সংবিধানের নির্দেশনা অনুযায়ী দেশে নির্বাচনের ব্যবস্থা নিয়েছেন। আওয়ামী লীগ কারচুপি ও ভোট চুরির রাজনীতি করেনা। বিএনপি শাসনামলে মাগুড়া উপ-নির্বাচন ও ১৯৯৬ সনের ১৫ ফেব্র“য়ারীর ভোটারবিহীন নির্বাচনের কথা শুধু দেশবাসীর নয়, আন্তর্জাতিক মহলেরও মনে আছে। জনগনের প্রতি অস্থা নেই বলে এ ধরনের নির্বাচনের নামে প্রহসনে বিএনপি অভ্যস্ত। কিন্তু আওয়ামী লীগ জনগনের রায়ের ওপর আস্থাশীল। আগামী নির্বাচনে দেশবাসী যাদেরকে নির্বাচিত করবেন, বর্তমান সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
মোহাম্মদ নাসিম বলেন, ২০০৮ সনের নির্বাচনে জনগনের বিপুল সমর্থনে সরকার গঠন করে আওয়ামী লীগ তার প্রতিশ্র“তি পূরণ করে জনগনের দেয়া ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়েছে। সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে ও ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে জেলা আওযামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পরিচালক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, আব্দুস সামাদ তালুকদার, আবু হেনা মোস্তফা কামাল কাজল, সেলিনা বেগম স্বপ্না, আব্দুস সাত্তার শিকদার, জাহাঙ্গীর হোসেন, জিয়াদ আল ইসলাম জেহাদ, জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।




