শ্যামলবাংলা ডেস্ক ॥ স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শতবর্ষী ক্লাব দুটির লড়াই পেয়েছে শৈল্পিক নাম ‘এল ক্লাসিকো’। যা দেখার জন্য বিশ্বের কোটি কোটি দর্শক রাত জাগেন অধীর আগ্রহে। জেগেছিলেন রোববার রাতও। তবে হাতাশ হতে হয়েছে বার্সেলোনার সমর্থকদের। কারণ, কাতালানরা যে হেরে গেছে ২-০ গোলে।

রিয়াল মাদ্রিদের এমন জয়ে নায়ক বনে গেছেন ভিনিসিয়াস জুনিয়র ও মারিয়ানো দিয়াজ। দ্বিতীয়ার্ধে দুজনেই পেয়েছেন গোল।
সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনা অবশ্য প্রথমার্ধে বেশ প্রভাব বিস্তার করে খেলেছে। একের পর এক সুযোগও তৈরি করেছে। কিন্তু থিবাউট কোর্তোয়াকে ফাঁকি দিতে পারেনি কেউ। চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোর পর দ্বিতীয় এলক্লাসিকোতেও ক্লি শিট রাখার রেকর্ড গড়েছেন তিনি।

তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ৭১ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। এ সময় ডানদিকে টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। তার সামনে ছিল জেরার্ড পিকে ও মার্ক আন্দ্রে টার স্টেগান। ভিনিসিয়াসের নেওয়া শট পিকের পায়ে লেগে স্টেগানকে বিভ্রান্ত করে জালে জড়ায়। আর ম্যাচের যোগ করা সময়ে বার্সেলোনার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মারিয়ানো দিয়াজ। এ সময় ওয়ান টু ওয়ান পজিশনে স্টেগানকে পরাস্ত করেন মারিয়ানো। তাতে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ের ফলে ২৬ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। সমনা ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। এখন দেখার বিষয় এই ব্যবধান ধরে রাখতে পারে কিনা লস ব্লাঙ্কোসরা। কারণ, লিগে এখনো ১২টি করে ম্যাচ বাকি রয়েছে সবার।




