এস. গুলবাগী, বগুড়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বগুড়া সদরসহ বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সিনিয়র নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ করেছে ১৮ দল। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ দলীয় ঐক্যজোটের উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার বিকেলে শহরের পৌরপার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও ১৮দলীয় জোটের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, নায়েবে আমির মাওঃ আলমগীর হুসাইন, জাগপা সভাপতি আমির হোসেন মন্ডল, এলডিপি সভাপতি এ্যাড. মোখলেছুর রহমান, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি মুফতি আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নবাববাড়ী সড়কে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে জেলা বিএনপি ,যুবদল ওছাত্র দল জেলার নেতৃবৃন্দের পক্ষে অভিযোগ করা হয়েছে ,শনিবার আইন শৃংখলা রক্ষাকারী শহর ও এর আশ পাশের এলাকায় বেশ কয়েকজন নেতা কর্মীদের বাড়ীতে হানা দিয়েছে। এসময় তারা তাদের বাড়ী ঘরে ব্যাপক তল্লাশী চালিয়েছে।




