চুয়াডাঙ্গা সংবাদদাতা : জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রাম থেকে অপহরণের শিকার স্কুলছাত্রীকে তিনদিন পর উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণের সাথে জড়িত হাবিল হোসেন (৩৪) ও তাঁর বন্ধু লিপন হোসেনকে (২৬)।
বুধবার ভোরে ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার জোড়া পাচলিয়ার একটি বাড়ি থেকে ছাত্রীটি উদ্ধার হয়।
অপহৃত স্কুলছাত্রী জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। অপহরণকারী হাবিল ছাত্রীর দুর সম্পর্কের চাচা ও একই বিদ্যালয়ের নৈশপ্রহরী। লিপন তার তাঁর ঘনিষ্ট বন্ধু।

বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালতে নেয়া হলে অপহৃত ছাত্রী দÐবিধির ২২ ধারায় জবানবন্দি দেয়। এছাড়া অপহরণকারী দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১০ নভেম্বর সন্ধ্যা থেকে ওই ছাত্রী নিখোঁজ হয়। ছাত্রীর বাবা এ ঘটনায় পরদিন হাবিল ও তাঁর বন্ধু লিপনের নামে জীবননগর থানায় অপহরণ মামলা করেন।
মামলার তদনমশকারি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজগার আলীর নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বুধবার ভোরে ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার জোড়া পাচলিয়ার একটি বাড়ি থেকে ছাত্রীটি উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




