স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম (৫০) আর নেই। তিনি ২৭ এপ্রিল শনিবার ভোরে ভাতশালা ইউনিয়নের হাওরা হোসেনপুর গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা মোঃ সুরুজ্জামান সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, আজ বাদ আছর এলাকায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুর খবর শুনে সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক প্রয়াত খোরশেদ আলমের বাড়িতে ছুটে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে তার মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।




