শ্যামলবাংলা ডেস্ক : সর্বদলীয় সরকার গঠন প্রশ্নে মহাজোট সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্য ১১ নভেম্বর সোমবারের মধ্যে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। ৭ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী সোমবারের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজেটি সরকোরের সব মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেবেন। ইতোমধ্যে কয়েকজন জমা দিয়েছেন উল্লেখ করে তিনি জানান , তার পদত্যাগপত্রও প্রস্তুত হয়েছে। রবিবার তা প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন তিনি।
তিনি আরও বলেন, যারা সর্বদলীয় সরকারের থাকবেন, তাদের পদত্যাগপত্র গৃহীত হবে না। তাদের নতুন করে শপথ নেওয়ারও প্রয়োজন হবে না। সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের জন্য সংলাপের দুয়ার খোলা আছে। যেকোন সময় চাইলেই তারা সংলাপে বসতে পারেন।




