জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : দোয়ারাবাজারের ছাত্রীসহ পলাতক লম্পট শিক্ষককে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নভেম্বর বুধবার রাতে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারা থানা-পুলিশ কুমিল্লা বুড়িচং থানা-পুলিশের সহযোগিতায় এক অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ছাত্রীসহ শিক্ষককে গ্রেফতার করে দোয়ারা থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে লম্পট শিক্ষককে সুনামগঞ্জ জেল হাজতে এবং মেডিকেল চেকআপের জন্য ছাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়।
জানা যায়, দোয়ারা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি বহুমুখি আলিম মাদরাসার সহকারী শিক্ষক লম্পট জুবায়ের আহমদ মজুমদার আলিম ২য় বর্ষের ছাত্রীকে ফুঁসলিয়ে দৈহিক মিলনে লিপ্ত হয়। এভাবে প্রাইভেট পড়ার সুযোগে ওই ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করলে এক পর্যায়ে সে অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে। লম্পট শিক্ষক ৫মাসের অন্ত:স্বত্ত্বা ছাত্রীকে অপহরন করে গর্ভ নষ্ট করতে কুমিল্লার বুড়িচং এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে দোয়ারা থানায় শিক্ষককের বিরুদ্ধে অপহরন মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে শিক্ষককে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে দোয়ারা থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির এর সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত শিক্ষককে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রী জানায়, প্রাইভেট পড়তে আসলে ভয়ভীতি দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে শিক্ষক জুবায়ের। ভয়ে এ ঘটনাটি কাউকে সে বলতে পারেনি। এক পর্যায়ে ৫ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে গর্ভ নষ্ট করতে তাকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায় লম্পট শিক্ষক। পরে জোরপূর্বক কুমিল্লার একটি ক্লিনিকে নিয়ে গর্ভ নষ্ট করানো হয়।




