সাংঘর্ষিক কথা-বার্তা ত্যাগ করে আসুন নৌকার পক্ষে একসাথে কাজ করি ॥ রুমান
স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে এবার নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন মনোনয়নবঞ্চিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। তিনি ১৯ ডিসেম্বর বুধবার রাতে শহরের খরমপুরস্থ জেলা কৃষক লীগের কার্যালয়ে আয়োজিত নিজের অনুসারী নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় ওই ঘোষণা দেন। ওইসময় তিনি উপস্থিত নেতা-কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এ আসনে মনোনয়নপ্রত্যাশী হয়ে দীর্ঘ ৪ বছর আপনাদের নিয়ে কাজ করেছি। আপনাদের দোয়ায় নিজের অবস্থান ভালো হওয়ার পরও কেবল উপজেলা চেয়ারম্যান হওয়ার কারণে মনোনয়ন ভাগ্যে জুটেনি। এজন্য আমার মতো আপনাদের মাঝেও যথেষ্ট দুঃখ-কষ্ট থেকে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অন্যান্য এলাকায় মনোনয়নবঞ্চিতদের নিয়ে প্রার্থীরা কাজ করলেও এখনও আমার অনুসারীদের নৌকার পক্ষে কাজ করার জন্য ডাক দেওয়া হয়নি। তাই বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবগত হয়েছেন এবং দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের পরামর্শে কে ডাক দিলেন না দিলেন- সেদিকে না তাকিয়ে জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নৌকার পক্ষে কাজ না করে বসে থাকার কোন সুযোগ নেই। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ তার অনুসারীদের নৌকার পক্ষে আন্তরিকতার সাথে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।
মতবিনিময় সভার সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান বলেন, নৌকা কারও একার নয়। নৌকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, নৌকা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এবার একজন উপজেলা চেয়ারম্যানও যদি দলীয় মনোনয়ন পেতেন, তাহলে সেটাই ছানুয়ার হোসেন ছানুর ভাগ্যে জুটত বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা মনোনয়ন না পেলেও যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, শেখ হাসিনার নির্দেশনায় এ আসন থেকে শেষবারের মতো তাকে পাস করাতে চাই। তিনি ছানুয়ার হোসেন ছানুর অনুসারীদের সমালোচনার জবাবে বলেন, সাংঘর্ষিক কথাবার্তা ত্যাগ করে আসুন, সবাই সংযত হয়ে নৌকার পক্ষে কাজ করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, শহর কৃষক লীগের সভাপতি রুকনুজ্জামান রঞ্জু, নাপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল।
মতবিনিময় সভায় জানানো হয়, ২০ ডিসেম্বর থেকে শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা করা হবে। এজন্য বৃহস্পতিবার সকাল ১১টায় শেরপুর সরকারি কলেজ গেইট থেকে নৌকার পক্ষে গণসংযোগ কর্মসূচীর উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। এতে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেবেন।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে শেখ হাসিনার নির্দেশনায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনোনয়নবঞ্চিত ছানুয়ার হোসেন ছানু। কিন্তু নির্বাচন উপলক্ষে সম্প্রতি জেলা আওয়ামী লীগের এক সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যানসহ প্রভাবশালী ৫ নেতাকে না ডেকে তাদের ব্যতিরেকেই স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন কেন্দ্রীয় নেতারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডাঃ দীপুমনি ও আব্দুর রহমান, সাগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, এডভোকেট মেসবাউদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক ও আহাম্মদ হোসেনের সাথে তাদের একাধিক দফায় মতবিনিময় হয় এবং তাদের নির্দেশনায় নিজেদের অবস্থান থেকেই নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ওই নেতারা।




