ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ২ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বুধবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বাকাকুড়া বাজারে আয়োজিত ওই নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেন, ২০০১ সালের নির্বাচনে এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়ার নাম করে বিএনপি ভোট নিয়েছিল। সরকার গঠনের পর তারা এলাকার উন্নয়ন তো দূরের কথা, কোথাও কোন বিদ্যুৎ দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এলাকায় উন্নয়নের পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দেয়া হয়েছে। যে পরিমানে উন্নয়ন হয়েছে দেশে কোন সরকারের আমলে তা হয়নি। তিনি বলেন, গত ১০ বছরে উন্নয়ন করেছি তাই নৌকায় ভোট চাইতে এসেছি। তিনি আরও বলেন, এরপরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে। আগামীতে সরকার গঠন করা হলে তা সম্পন্ন করা হবে। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে দল-মত নির্বিশেষে নৌকার ভোট দিয়ে জয়যুক্ত করুন।
কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনার উল্লাহর সভাপতিত্বে ওই পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ ধলু, সাধারন সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি মোজাজুল হক মাষ্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান শাওন প্রমুখ।




