মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : ৯ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সফল করতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী জানান, শনিবার প্রধানমন্ত্রীর সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজসহ প্রায় ৩০ জনের মত কেন্দ্রীয় নেতা সফরসঙ্গী হচ্ছেন। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নেছার আহমদ জানান, প্রধানমন্ত্রীর আগমন সফল করতে মৌলভীবাজার জেলার ৭ উপজেলাসহ হবিগঞ্জ ও সিলেট থেকে কয়েক শতাধিক গাড়িবহর জনসভাস্থলে যোগ দেবে। জেলার ৭টি উপজেলা আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে গাড়িবহর জনসভাস্থলে যোগ দিতে কাজ করে যাচ্ছেন।
৯ নভেম্বর দুপুরে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর বড়লেখার সুজা নগরে গিয়ে নামার কথা রয়েছে। এরপর তিনি বড়লেখা এতিম প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেঙ্, ইটাউড়ী মহিলা দাখিল মাদ্রাসার একাডেমি ভবন, চান্দগ্রাম এ. ইউ দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন ও জুড়ী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ৩তলা একাডেমি ভবনের কাজের উদ্বোধন করবেন। এছাড়া তিনি বড়লেখা থানা ভবন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ভবন, কাঠালতলী-মাধবকুন্ড সড়ক পুর্নবাসন, ধলছড়া ইপ-প্রকল্পের হাইড্রলিক স্ট্রাকচার নির্মাণ, পাথরিয়া ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ, বড়লেখা উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম-কাম মাল্টিপারপাস হল, জুড়ী হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।




