মেহের আমজাদ, মেহেরপুর : হরতাল সফল করতে মেহেরপুরের বিভিন্ন সড়কের ৬টি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। হরতালের শুরুতেই গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর ও মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে জামায়াত-শিবির নেতাকর্মীরা এবং মেহেরপুর-হাটবোয়ালিয়া সড়কের পুর্ব মালসাদহ, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়ীয়া, পশ্চিম মালসাদহ এবং ছাতিয়ান এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। রাজনগরে পুলিশের বাধার মুখে ১০/১২টি ককটেল বিষ্ফোরণ ঘটায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। সকাল আটটার দিকে বামন্দি বাজারে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় তারা ৫টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বামন্দি বাজারে অবস্থিতি মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছারউদ্দীনের বাসায় হামলা চালিয়ে ৬ টি জানালার গ্ল¬াস ভাংচুর করে। তবে ককটেল বিক্ষোরণের ঘটনা দুটিতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মহাম্মদ সাইফুল, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে ওই অবরোধের নেতৃত্ব দেন।




