শ্যামলবাংলা বিনোদন : ধুম থ্রি ছবি মুক্তি পেতে এখনও ঢের বাকি। মাত্র কয়েকদিন আগে মুক্তি দেওয়া হয়েছে শুধু ট্রেইলার। আর তাতেই হুমড়ি খেয়ে পড়েছেন ‘ধুম’ সিরিজের ভক্তরা। এক সপ্তাহেই ধুম থ্রির ট্রেইলার ইউটিউবে দেখা হয়েছে ৪৪ লক্ষ বার! খবর এনডিটিভি’র।
ট্রেইলারের শুরুতেই দেখা যায়, এক জাদুকর শিশুকে নিয়ে খেলা দেখাচ্ছেন। জাদুকরটি জ্যাকি শ্রফ। সঙ্গের শিশুটিই সম্ভবত পরে সাহিররূপী আমির খান, অবশ্য সে সম্পর্ক কোনো ধারণা দেওয়া হয়নি। পরের দৃশ্যে দেখা যায়, বহুতল ভবনের দেয়াল বেয়ে অবিশ্বাস্য দক্ষতায় দৌড়ে নামছেন আমির। উড়ছে ডলার। ছবির বেশ কিছু আকর্ষণীয় অংশ এক ঝলক করে দেখানো হয়েছে ট্রেলারে। দূর্দান্ত অ্যাকশন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ‘ক্লাউন থিফ’ আমিরের চুরি আর আইটেম গানও দেখানো হয়েছে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হালের জনপ্রিয় কম্পোজার প্রীতম। যশরাজ ফিল্মের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর।




