দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বারে ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক এক যুগ্ম-সচিবকে লাঞ্ছিত করেছে এক যুবক। ২ নভেম্বর শনিবার ৪২তম জাতীয় সমবায় দিবস ২০১৩’ উদযাপন শেষে ওই ঘটনা ঘটে। ক্ষুব্ধ যুবক উপজেলার গুনাইঘর গ্রামের মৃত আছমত আলীর পুত্র মো. অলিউল্লাহ। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, দিবসটি উপলক্ষে সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা দেবিদ্বার উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এমপি সাহেবের সাথে ওই সাবেক যুগ্ম-সচিব ফজলুল করিম একই মঞ্চে আসেন। অনুষ্ঠান শেষে ওই সাবেক যুগ্ম-সচিব নেমে যাওয়ার সময় অলিউল্লাহ নামে এক যুবক তার শার্টের কলারে ধরে টাকা চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। এসময় স্থানীয় কয়েকজন প্রভাবশালীর হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা করতে চাইলে অলিউল্লাহ জানান, আমার ছোট ভাই হাবিবুর রহমানকে খাদ্য মন্ত্রনালয়ের পিওন পদে চাকরি দেয়ার নাম করে প্রায় ৩ বছর আগে একই গ্রামের আনছর আলী মেম্বারের পুত্র ঢাকায় বসবাসকারী সাবেক যুগ্ম-সচিব মো. ফজলুল করিম সরকার তার থেকে এক লক্ষ টাকা নেয়। চাকরি না হওয়ায় বিভিন্ন সময়ে ওই টাকার মধ্যে ৫৫ হাজার টাকা আদায় করলেও বাকী ৪৫ হাজার টাকা দিতে গড়িমসি করতে থাকে। বিষয়টি স্থানীয় সাংসদ অবগত আছেন বলেও ওই যুগ্ম-সচিব জানিয়েছিলেন। সাবেক যুগ্ম-সচিব মো. ফজলুল করিম সরকার স্থানীয় সাংসদের খুব কাছের মানুষ হওয়ায় এবং সার্বক্ষনিক সফরসঙ্গী হওয়ায় তাকে বিশ্বাস করেছিলাম। অলিউল্লাহ আরও জানান, সে এলাকার আরো অনেকের টাকা নিয়ে রেখেছে কাউকে চাকরি দেয়নি।
লাঞ্ছিত সাবেক যুগ্ম-সচিব (অব:) মো. ফজলুল করিম সরকার বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো। আমাকে হেয়প্রতিপন্ন করতে একটি মহল ওই অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি করেছে।




