শেরপুরের শ্রীবরদী উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১১ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। আব্দুর রাজ্জাক জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও পশ্চিমপাড়া এলাকার মরহুম সিদ্দিক ডিলারের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, সহকর্মীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার রাত দশটায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, আব্দুর রাজ্জাক ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি সদরবিট, ডুমুরতলা বিট, রাংটিয়ার গজনি বিট, মধুটিলার বাতকুচিসহ বন বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিটের ফরেস্ট কর্মকর্তা ছিলেন। এছাড়া শেরপুরের সহকারী বন সংরক্ষকে কার্যালয়, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ভিদ প্রকৃতি ও বৃক্ষপ্রেমী হিসেবে তিনি পরিচিত ছিলেন ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো মাহমুদুল হাসান রাসেল, বালিজুরি রেন্জের ফরেস্ট কর্মকর্তা রাতুল সাহা রানা, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, শেরপুরের পরিবেশ ও প্রকৃতি প্রেমী মুগনিউর রহমান মনি, শ্রীবরদী উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাগরসহ বিভিন্ন মহল।




