শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাজি ও বর-কনের বাবাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার মধ্যরাতে পৌরশহরের ভোগাই সেতু সংলগ্ন কাজী অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাঘবেড় ইউনিয়নের কালিনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের সন্ন্যাসীভিটা গ্রামের আকরাম আলীর ছেলে মারেফতের (১৯) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপনে বিয়ে সম্পন্ন করতে তাঁরা পৌরশহরের ভোগাই সেতু সংলগ্ন কাজী অফিসে আসেন। এদিকে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেয়।
অভিযানে বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাজি মোহাম্মদ সায়েমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বর মারেফতের বাবা মো. আকরাম আলীকে ১০ হাজার টাকা এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাঁকে বিয়ে দেবেন না—এ মর্মে বর ও উভয় পক্ষের বাবার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।




