বিশ্বকাপের প্রথম ম্যাচে ফেবারিট পর্তুগালকে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। তবে ম্যাচের ফলের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্স। ম্যাচে তেমন একটা খুঁজে পাওয়া যায়নি রোনালদোকে। এতে আশাহত হয়েছেন সমর্থকরা।

এদিন সবার নজর ছিল রোনালদোর দিকে। তবে তিনি প্রথমার্ধে যেমন নিষ্প্রভ ছিলেন, দ্বিতীয়ার্ধেও প্রত্যাশার ছাপ রাখতে পারেননি রোনালদো।
বেশ কয়েকবার বল পেলেও গোলমুখে কোনো শটই নিতে পারেননি তিনি। বরং সুযোগ নষ্ট করেছেন একাধিক। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পর্তুগালকে। তবে এদিন গোল করতে না পারায় রোনালদোর বড় টুর্নামেন্টে গোলখরা আরও দীর্ঘ হয়েছে।

২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর থেকে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পাননি তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার সবচেয়ে দীর্ঘ গোলশূন্য অধ্যায়। এছাড়া ওপেন প্লে থেকে বড় টুর্নামেন্টে তার সর্বশেষ গোল এসেছিল ইউরো ২০২০-এ জার্মানির বিপক্ষে।




