ঢাকাই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পারিবারিক সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ঘন-ঘন হুমকি দেওয়া হচ্ছে বলে সম্প্রতি তিনি অভিযোগ করেছেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে পপি জানান, প্রায় এক বছর ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তার অভিযোগের মূল কেন্দ্রবিন্দু তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী। পপি জানান, ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর খবর শুনেও তিনি হুমকির কারণে খুলনায় যেতে পারেননি।
পপির অভিযোগ, তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি। ২০০৭ সালে তার চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি যে জমি কিনেছিলেন, বর্তমানে তার চাচাতো বোন মুক্তা এবং তারেক সেই জমি দখল করে রেখেছেন। জমি ব্যবহার করতে গেলে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া পপি আরও দাবি করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করা হয়েছে।

তিনি প্রশাসনের কাছে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য আবেদন জানিয়েছেন। তবে অভিযুক্ত তারেক আহমেদ চৌধুরী দাবি করেন, বিষয়টি ‘ভিত্তিহীন’ এবং তিনি কাউকে কোনো হুমকি-ধমকি দেননি।
এই বিতর্কের মধ্যে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত নতুন কোনো সিনেমায় তার অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই কম।




