ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় ৩ শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এটিই অঞ্চলটিতে রাশিয়ার অন্যতম প্রাণঘাতি হামলা। ১৯ নভেম্বর বুধবার ভোরে রুশ বাহিনী ইউক্রেনের টার্পোনিল শহরে এই হামলা চালিয়েছে।

বুধবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম ইউক্রেনের টেরনোপিল শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং অনেককে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইহোর ক্লাইমেনকো বলেছেন, রাতের হামলার পরও ২৬ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৩ শিশু। তিনি বলেন, প্রায় ১০০ জন আহত হয়েছেন। ইউক্রেনের লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া।
রাশিয়া ইউক্রেনে ৪৭৬টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তীব্র শীতে বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। হামলায় টেরনোপিলের একটি আবাসিক ভবনের ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় ধোঁয়া ওপরের দিকে উড়ে যায়।

অন্যদিকে বিধ্বস্ত বাসিন্দারা প্রিয়জনদের খবরের জন্য বাইরে ভিড় করতে শুরু করে।
টেলিগ্রামে ক্লাইমেনকো লিখেছেন, জরুরি কর্মীরা রাতভর কাজ করে ভেঙে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের স্থানটি তল্লাশি করছে। তিনি আরও বলেন, অনেক কাজ বাকি। মূল কাজ হলো ধ্বংসস্তূপের নীচে যারা এখনও থাকতে পারে তাদের খুঁজে বের করা। তিনি আরও জানান, যে ভবনের ২টি প্রবেশপথ সম্পূর্ণরূপে পুড়ে গেছে, সেখানে একটিও অ্যাপার্টমেন্ট অক্ষত ছিল না। আগুন তাৎক্ষণিকভাবে জ্বলে ওঠে এবং ভবনটিকে গ্রাস করে। লোকেরা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে।
সূত্র : রয়টার্স




