এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শক্তি বাড়ল বাংলাদেশ শিবিরে। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। অন্যদিকে, কানাডিয়ান লিগে ম্যাচ শেষ করে আগামীকাল (মঙ্গলবার) রাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের।

সোমবার সকালে লন্ডন থেকে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা। এরপর তিনি সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের সঙ্গে যোগ দেন। সবকিছু ঠিক থাকলে আজ বিকালেই কোচ হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে নামবেন তিনি।




