কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ৬ সেপ্টেম্বর শনিবার রাত ১টার দিকে ওই হামলা চালানো হয়। এসময় কাদের সিদ্দিকীর ২টি গাড়ি ও বাড়ির জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, শনিবার মধ্যরাতে ১০ থেকে ১৫ জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে এবং তারা সঙ্গে কিছু তেলও নিয়ে এসেছিল। পরে কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালা ভেঙে যায়।
এ ব্যাপারে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।




