স্টাফ রিপোর্টার : শেরপুরে গৃহবধূর কথিত বস্ত্রহরণের ঘটনায় মিন্টু মিয়া (২০) নামে এক আসামী জামালপুর থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। ২৯ জুলাই বুধবার দুপুরে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) অঞ্চলের কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মোহাম্মদ তাজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এ, জেড, এম তৈমুর রহমান নেতৃত্বে একদল সদস্য শহর থেকে তাকে আটক করে। সে জামালপুর সদরের বন্দেরবাড়ী এলাকার নবাব আলীর ছেলে। বিকেলে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, ২৪ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামের আজমীর আলী ও তার স্ত্রী শ্যামলী খাতুনের দাম্পত্য কলহ মিমাংসার লক্ষ্যে তাদের বসতবাড়িতে এক ঘরোয়া সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে বড় ভাইয়ের পে কথা বলায় গৃহবধূ শ্যামলী ও তার ননদ নাসিমা হাতাহাতি ও চুলোচুলিতে জড়িয়ে পড়েন। এতে নাসিমার গায়ের সালোয়ার-কামিজ কিছুটা ছিঁড়ে যায় এবং উভয়েই বেসামাল হয়ে পড়ে। ওই অবস্থায় শালিসে উপস্থিত থাকা শ্যামলীর আত্মীয়-স্বজনরাও বিবাদে জড়িয়ে পড়লে কোন মিমাংসা ছাড়াই সালিশ পন্ড হয়ে যায়। ওই ঘটনায় পরদিন কোন কোন গণমাধ্যমে গৃহবধূর বস্ত্রহরণের খবর ছাপা হয় এবং ঘটনাটিকে আরও একধাপ অতিরঞ্জিত করে থানায় আজমীর আলীর ফুফাশ্বশুর জয়নাল আবেদীন হাসি ও শ্যালক মিন্টু, মিঠুসহ ৪ জনকে আসামী করে ধর্ষণের চেষ্টার মামলা হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।









