কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ২ শিক্ষার্থী। ৮ জুলাই মঙ্গলবার সকালে হিমছড়ি সমুদ্র সৈকতে ওই ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী হলেন, ঢাকা মিরপুরের পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে সাদমান রহমান সাবাব (২১)।
নিখোঁজ ২ জন হলেন, বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ৫ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে আসেন তারা। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে ২ জন বাঁধের উপরে বসে ছিলেন আর বাকি ৩ জন বাঁধের নিচে নেমে গোসল করতে নামেন। ওইসময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান। যার মধ্যে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ২ জন নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাবাব নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ শিক্ষার্থীকে উদ্ধারে চেষ্টা চলমান রয়েছে।




