অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বৃহস্পতিবার রাত থেকেই আলোচনা শুরু হয়েছে। চলমান রাজনৈতিক এ পরিস্থিতিতে ২৪ মে শনিবার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

বিএনপি ও জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যা ৭টায় সাক্ষাতের সময় আমাদের জানানো হয়েছে।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দলটির পক্ষে নেতৃত্ব দেবেন দলের আমির শফিকুর রহমান। এ ব্যাপারে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময় জানানো হয়েছে।
তিনি বলেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে এরই মধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।
জানা যায়, আগামী ডিসেম্বর সামনে রেখে অবিলম্বে নির্বাচনী পথনকশা (রোডম্যাপ) ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তা না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। তাতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে বলা হয়, ২০২৫ সালের মধ্যেই একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তী সরকারের এটিই প্রধান দায়িত্ব।




