গেল কয়েকদিন ধরে চট্টগ্রামে আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তানজিম সাইয়ারা তটিনী। ১১ মে রবিবার সেখানে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

তৌসিফ মাহবুব বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। আজকে সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আপাতত ভালো আছে সে।
জানা যায়, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী এবং তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরতর আঘাত পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন তাকে।
ঈদুল আজহার জন্য নিমিত এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।




