দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম বন্ধ করুন। না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করেন অথবা পুলিশের হাতে তুলে দেন। ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগের সময় দেয়া বক্তব্যে ওইসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আপনার দেখেছেন ৫ আগস্টের দিনে সাধারণ মানুষ শেখ হাসিনাকে পালানোর সময়টুকুও দেয়নি। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে ফ্যাসিবাদ হাসিনা সরকার। খারাপ কাজ করেছে বলে সাধারণ মানুষ তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এবার সেই সুযোগ এসেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণে কাজ করবে। শান্তি-সম্প্রীতির দেশ গড়ার আশ্বাস দেন তিনি।




