আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। ২৫ মার্চ মঙ্গলবার সকালে নবনিযুক্ত ২ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে তাদের এই নিয়োগ দেন। ওই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন বলা হয়, ২ বিচারপতির নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, আপিল বিভাগে বর্তমানে ৫ জন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন ২ বিচারপতিসহ মোট বিচারকের সংখ্যা হবে ৭ জন। এর মধ্যে বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের ইতিহাসে ৫ম নারী বিচারক হিসেবে নিয়োগ পেলেন।




